নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।বুধবার (৩০ এপ্রিল) সাতক্ষীরার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এবং বাকাল চেকপোস্ট এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার লক্ষীদাড়ি থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, শ্রীরামপুর থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং কলারোয়া উপজেলার চৌরঙ্গী মোড় থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কেড়াগাছি থেকে ৩৮ হাজার ৭শত টাকা মূল্যের ভারতীয় পেন্সিল ব্যাটারি, বোয়লিয়া কলেজ মোড় থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভাদিয়ালী থেকে ৭০ হাজার টাকার ঔষধ, বর্মিতলা থেকে ৭০ হাজার টাকার ঔষধ ও কাদপুর আমবাগান থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। এজন্য ভারতের এসব পন্য ‌জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *