বিশেষ প্রতিনিধি : যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা ঘটনায় পাষণ্ড স্বামী আমিরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামের স্থানীয় মানুষরা।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোরে সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে ঘটনাটি ঘটে। ওই সময় ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা । মারা যাওয়া খাদিজা খাতুন (১৯) মাধবকাটি গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী ও সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালির মেয়ে। ঘাতক স্বামী আমিরুল ইসলাম (২৩) মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে।
নিহতের নিকট আত্মীয়দের বরাতে ওসি জানান, মাস তিনেক আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাই বক্সের ছেলে আমিরুল ইসলামের সাথে নারায়ণজোল গ্রামের সিদ্দিক মালির মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা আনার জন্য খাদিজার উপরে চাপ প্রয়োগ করতে থাকে। খাদিজা টাকা আনতে বাবার বাড়ি যেতে রাজি না হওয়ায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে আমিরুল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে আমিরুল লাঠি দিয়ে তার স্ত্রী খাদিজার মাথায় আঘাত করে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে আমিরুল।
তিনি আরও বলেন, এ ঘটনার পর ঘাতক আমিরুল একরকম উন্মাদের মত অভিনয় করতে থাকে। সকালে বাড়ির আসবাবপত্র ভাংচুর করতে থাকে। এসময় বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনতা ঘাতক আমিরুলকে ঘরের মধ্যে আটকে রাখে। পরে তাকে পুলিশের কাছে দেয়।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে । স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে । বিস্তারিত পরে জানানো হবে।







