Oplus_131072

আশাশুনি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন।

তিনি বলেন, প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা করে নির্বাচন বানচাল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রে নেমেছে দেশের একটি চক্র। পরিকল্পিতভাবে জনগণের মধ্যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

গণতন্ত্রের পথচলাকে রুদ্ধ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতেই এ ধরণের ঘটনা ঘটানো হচ্ছে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার দল ও সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো সহ তার আশু সুস্থতা কামনা করছি।

তিনি আশাশুনি ও কালীগঞ্জের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে ভরাডুবির ভয়ে নির্বাচন বানচাল করতে কারা এসব হামলা চালাচ্ছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাই ব্যালট বিপ্লব ঘটিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে এসব ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে। শঙ্কিত হওয়ার কিছু নেই, আমি আমার দলের সকল নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আপনাদের পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *