আলতাফ হোসেন বাবু : দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য স্বীকৃতি হিসেবে নৌ পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ আবুজার গিফারী “আইজিপি ব্যাচ” (IGP’s Exemplary Good Services Badge) লাভ করেছেন। একই সঙ্গে কনস্টেবল সাইফুল ইসলাম এবং কনস্টেবল মোঃ শফিকুল ইসলামও এই সম্মানজনক ব্যাজে ভূষিত হয়েছেন।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনের সময় অসাধারণ কর্মদক্ষতা, সততা এবং জনসেবামূলক ভূমিকার জন্য তাদের এ স্বীকৃতি প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য “আইজিপি ব্যাচ” অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত হয়, যা পেশাগত উৎকর্ষতা ও আদর্শিক দায়িত্ব পালনের স্বীকৃতি বহন করে।
সোমবার (৮ জুন ২০২৬) বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি আনুষ্ঠানিকভাবে নৌ পুলিশের সদস্যদের বুকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পেশাগত দায়িত্ব পালনে এমন সম্মাননা শুধু পুরস্কারপ্রাপ্ত সদস্যদেরই নয়, বরং সমগ্র বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গৌরবের বিষয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় তাদের অবদান প্রশংসিত হয়েছে।
নৌ পুলিশের এই তিন সদস্যের অর্জন ভবিষ্যতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল, মানবিক ও পেশাদারভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজিপি ব্যাজপ্রাপ্ত এসআই মোঃ আবুজার গিফারী, কনস্টেবল সাইফুল ইসলাম এবং কনস্টেবল মোঃ শফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।







