নিজস্ব প্রতিনিধি: “সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সচেতনতার অভিযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পর্যায়ে মানবাধিকার বিষয়ক এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নেটজ বাংলাদেশ ও বিএমজেডের সহায়তায় এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব) বাস্তবায়িত ‘হোপ’ প্রকল্পের উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ উৎসবের আয়োজন করা হয়।

মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে গতানুগতিক আলোচনার বাইরে নাটক, গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার ওপর জোর দেওয়া হয়। ব্যতিক্রমী এই আয়োজনে স্থানীয় সাধারণ জনগণ, শিক্ষক, শিক্ষার্থী, সমাজকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত ও উপচে পড়া অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিইব হোপ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টর রুহি নাজ এবং প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষা এবং এ বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া জেলা সিএসও সদস্য আসাদুজ্জামান সরদার হোপ প্রকল্পের সামগ্রিক কার্যক্রম ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়, খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয় এবং সুন্দরবন টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়।

সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মানবাধিকারভিত্তিক নাটক, সচেতনতামূলক সংগীত ও কবিতা আবৃত্তি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পুরো অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা সিএসও সদস্য মাহফুজা পারভীন লিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *