নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের পাশের ‘জগন্নাথ মন্দির’ থেকে তালা ভেঙে তিনটি পিতলের মূর্তি ও সোনার চেইন চুরির ঘটনা ঘটেছে। গত ১০ আগস্ট বিকেল পাঁচটা থেকে ১১ আগস্ট দুপুর দুইটার মধ্যে যেকোনো সময় মন্দিরে ঢুকে অজ্ঞাতনামা চোরেরা এসব মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মন্দিরে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন মন্দির কমিটি।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ আগস্ট বিকেল অনুমান পাঁচটার দিকে মন্দির পরিচালনা কমিটির লোকজন কাজ শেষে প্রধান ফটকে তালা বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন ১১ আগস্ট দুপুর দুইটার দিকে কমিটির সভাপতি ভীম অধিকারী (৫৫) পূজার উদ্দেশ্যে মন্দিরে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের মূল ফটকের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।
ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, মন্দিরে থাকা নিতাই, গৌর ও গোপালের তিনটি পিতলের মূর্তি (আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা) এবং মূর্তির গলায় থাকা দুই আনা ওজনের একটি সোনার চেইন (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) নেই।
ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও আশপাশের বাসিন্দাদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে আশপাশের বিভিন্ন এলাকায় চুরি যাওয়া মালামালের খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে মন্দির কমিটির সভাপতি ভীম অধিকারী বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







