তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ৬ নম্বর তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহাপুর উত্তরপাড়া এলাকায় বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজার উদ্যোগে স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় রেজাউল ইসলাম রেজা নিজে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ ও সুন্দর সমাজ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেও আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই।

তিনি জানান, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ৬ নম্বর তালা সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *