গাজী হাবিব : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালন করা হয়। বিকেলে জেলা শহরে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমবেত হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পার্ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে সেখানে অবস্থান নেন।
বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন স্লোগানে মুখর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুই পাশে থাকা সাধারণ মানুষও শোভাযাত্রাটি দেখতে জড়ো হন। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির অন্যতম নেতা আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুকসহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের মানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনার পক্ষে কাজ করে আসছে বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা ধারণ করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে সামনে রেখেই দলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।
তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; দলীয় নেতাকর্মীদের জন্য এটি অতীতের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা নতুন করে স্মরণ করার দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা নতুন উদ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহবান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই সাতক্ষীরা শহরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জড়ো হন। পরে সম্মিলিতভাবে অনুষ্ঠিত শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
দলীয় নেতারা বলেন, বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম ও চড়াই-উতরাই রয়েছে। সেই রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়েও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।







