নিজস্ব প্রতিনিধি : ঝাঁকঝমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে অনুষ্ঠিত হয়েছে এলাকার উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ মাসিক সভা।শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির আয়োজনে শহরের কামালনগর লেকভিউ মেঘনা হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে এবং প্রাক্তন প্রধান শিক্ষক অলোক কুমার তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার আমির উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একটি আদর্শ ও সমৃদ্ধ সমাজ গঠনে মেধা এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আজ যে শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে, আগামী দিনে তারাই দেশের হাল ধরবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত গুণীজনরা হলেন আমাদের সমাজের বাতিঘর। তাঁদের দিকনির্দেশনা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধুবাগ আবাসিক এলাকাকে একটি আদর্শ ও মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাবেক কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা শেখ শফিক উদ দৌলা সাগর এবং সাবেক মহিলা কাউন্সিলর ও উপদেষ্টা ফারহাদীবা খান সাথী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল ও মোঃ আইয়ুব হোসেন।
অনুষ্ঠানের মূল পর্বে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী আনিছুর রহমান, মোঃ জোবায়ের সালমান ও তাইয়েবুর রহমান-এর হাতে মেধা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর পাশাপাশি সমাজে দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকার ১৪ জন অবসরপ্রাপ্ত ও গুণী ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা পর্ব শেষে কমিটির মাসিক সভায় মধুবাগ আবাসিক এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ভবিষ্যৎ নানামুখী কল্যাণমূলক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ বাসিন্দা উপস্থিত ছিলেন।







