গাজী হাবিব : সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ- এমন অভিযোগ তুলে তালিকা সংশোধন করে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন একাধিক সাধারণ ভোটার ও নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেসার্স আল্লাহর দান ভান্ডারের প্রোপ্রাইটর মো. জবেদ আলীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী।

অভিযোগ রয়েছে- সমিতির ১ হাজার ২০৮ জন ভোটারের তালিকায় ৪৯ জনের নাম- ঠিকানা নেই। এছাড়া শতাধিক ভোটারের নাম থাকলেও তাদের পিতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়নি। ফলে এমন অসম্পূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের পরিচয় ও ভোটাধিকার নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ত্রি-বার্ষিক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। নির্বাচন নিয়ে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানা গেছে। তবে অভিযোগকারী ভোটার ও প্রার্থীদের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত ভোট স্থগিত করে ভোটার তালিকা যাচাই-বাছাই ও সংশোধনের দাবি জানানো হয়েছে।

সাধারণ ভোটার ও প্রার্থীদের দাবি, প্রথমে সমিতির প্রকৃত ও বৈধ ভোটারদের নাম, পিতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। এরপর সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে আপত্তি ও সংশোধনের সুযোগ দিতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন করে ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করে ভোট গ্রহণ করা উচিত।

এ বিষয় অসম্পূর্ণ ভোটার লিস্ট সংশোধন করে পরবর্তীতে ভোটের নির্ধারিত দিন ধার্য করত: ভোট গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *