শহর প্রতিনিধি : চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সাতক্ষীরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত কার্যক্রম চালু, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পুনর্বাসন, সুন্দরবন টেক্সটাইল মিলস চালু এবং সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অসহায় ও দুস্থ ভূমিহীনদের বিনা মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কাওসার আলীর সভাপতিত্বে নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।

এছাড়াও বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গাজী আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা শাহানারা খাতুন রিনা, রফিকুল ইসলাম ও স্বপন পান্ডে প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ভূমিহীনদের পুনর্বাসন ও তাঁদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালু এবং সুন্দরবন টেক্সটাইল মিলস পুনরায় চালুর দাবি জানান তাঁরা। পথসভায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ভূমিহীন মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা চার দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *