নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বর্ষাকালে শ্রেণিকক্ষের ভেতরে পানি জমে থাকায় শিক্ষার্থীদের পাঠদানে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন প্রধান শিক্ষক। ৬ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেওয়া আবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. বিলকিস জাহান এসব সমস্যার কথা তুলে ধরেন।
আবেদন সূত্রে জানা যায়, ১৯৪৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে নির্মিত বিদ্যালয়ের ভবনে দুটি কক্ষ রয়েছে। এর একটি অফিস কক্ষ এবং অন্যটি শ্রেণিকক্ষ। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ২০৫। শিক্ষার্থীদের পাঠদানের জন্য ২০২০ সালে ‘ইমার্জেন্সি ইন এডুকেশন’ বরাদ্দ থেকে তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। প্রধান শিক্ষক আবেদনে উল্লেখ করেন, বর্তমানে টিনশেড শ্রেণিকক্ষগুলোর অবস্থা খুবই নাজুক। গরমের সময় টিনের চালে প্রচণ্ড গরম হয়। বর্ষাকালে শ্রেণিকক্ষের ভেতরে প্রায় এক ফুট পানি জমে থাকে। কখনো কখনো জমে থাকা পানিতে সাপ ও ব্যাঙও দেখা যায়।
পানি জমে থাকায় বিদ্যালয়ের আসবাব ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণেও সমস্যা হচ্ছে। এতে স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে আরও বলা হয়, কোমলমতি শিক্ষার্থীদের কার্যকর পাঠদানের স্বার্থে বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন এবং নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রধান শিক্ষক মোছা. বিলকিস জাহান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসন ও নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।







