মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরায় আইনজীবী মো. সাইফুল্লাহর স্ত্রী সোনিয়া আফরিন ও তাঁর স্বজনদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় উম্মে কুলসুম নামে এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি এ মামলার ৩ নম্বর আসামি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল এর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন উম্মে কুলসুম। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. সাইফুল্লাহ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বিকেল আনুমানিক ৫টার দিকে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সোনিয়া আফরিন ও তাঁর স্বজনদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। হামলায় বাধা দিতে গিয়ে আরও কয়েকজন আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সোনিয়া আফরিনের গলায় থাকা আনুমানিক এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এর আগে দ্রুত বিচার আইনের একটি মামলায় আসামি উম্মে কুলসুম ও তাঁর স্বামীসহ অন্যরা জামিনে মুক্তি পাওয়ার পর বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আইনজীবী মো. সাইফুল্লাহ সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তী সময়ে তাঁর স্ত্রী ও স্বজনদের ওপর হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয় যার নং জি আর ৪৮৪/২৬ (সাতক্ষীরা) মামলায় উম্মে কুলসুমসহ পাঁচজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *