নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়েরের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীর অভিভাবক অভিযুক্ত শিক্ষককে মারধর করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তদন্ত ও ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বক্তব্যে পাওয়া গেছে পরস্পরবিরোধী তথ্য।

গত ৭ নভেম্বর সকালে বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর সময় ওই শিক্ষার্থীর সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও প্রাইভেট পড়ানোর সময় ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের আচরণের একাধিক অভিযোগ উঠেছিল। তবে আগের অভিযোগগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ ঘটনার পর শিক্ষার্থীর অভিভাবক ক্ষুব্ধ হয়ে শিক্ষক আবুল খায়েরকে মারধর করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষকের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ঘটনার ৮ দিন পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘গত বৃহস্পতিবার আমি অন্য একটি কাজে ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। তখন স্কুলের সভাপতি আমাকে জানিয়েছিলেন, আগামী ১৭ নভেম্বর ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে বসাবসি আছে।’

সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ম্যানেজিং কমিটির রিপোর্ট পাওয়ার পর যা কিছু হবে।’

অন্যদিকে বিদ্যালয়ের সভাপতি মোমিনুর রহমান মুকুল বলেন, ‘এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি। ওই ছাত্রীর অভিভাবকের সঙ্গেও আমার এখনো দেখা হয়নি। তবে ঘটনার বিষয়ে জানতে পেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমি ওই শিক্ষককে তিন দিনের ছুটি দিয়েছিলাম এবং প্রাইভেট পড়ানোর বিষয়ে নিষেধ করেছি।’

ম্যানেজিং কমিটির সভার তারিখ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১৮ নভেম্বর আমরা স্কুল কমিটির সভা করতে চেয়েছিলাম। কিন্তু ওই দিন ফুলকুঁড়ি আসরের ক্রীড়া প্রতিযোগিতা থাকায় এক দিন পিছিয়ে ১৯ নভেম্বর করা হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, বিদ্যালয়ের সভাপতি তাঁকে ১৭ নভেম্বর সভা করার কথা জানিয়েছিলেন। অথচ সভাপতির বক্তব্য অনুযায়ী, সভার নির্ধারিত তারিখ ছিল ১৮ নভেম্বর, যা পরবর্তী সময়ে পরিবর্তন করে ১৯ নভেম্বর করা হয়েছে। সভার তারিখ নিয়ে দুই দায়িত্বশীল ব্যক্তির এমন পরস্পরবিরোধী বক্তব্যও স্থানীয় সচেতন মহলের মধ্যে হতাশা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, একজন শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর বিষয়। এ ধরনের অভিযোগকে কেবল বিদ্যালয় পরিচালনা কমিটির সভার অপেক্ষায় রেখে না দিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল দ্রুত অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, পূর্বের অভিযোগগুলোও খতিয়ে দেখাসহ উপজেলা শিক্ষা কর্মকর্তার গাফিলতিরও বিচার দাবি করেছেন। তাদের প্রশ্ন, শিশু শিক্ষার্থীর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাত দিনেও কেন দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *