হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ দিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। সোমবার (১৬ নভেম্বর-২৬) বিকেল তিনি নাজিমগঞ্জ বাজারের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন।
বাজারের ত্রিবার্ষিক নির্বাচন চলাকালে উপজেলা প্রশাসন নির্বাচনী কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকা এবং সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকার সুযোগে বাজারের রাস্তার দুই পাশে একাধিক যায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। বিশেষ করে এসব স্থাপনায় ছাদ নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করে স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এ বিষয়ে এবার কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, বাজারের পেরিফেরিভুক্ত সরকারি জায়গায় যাতে কেউ যত্রতত্রে ভবন বা স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। গরুর হাটের আশপাশের এলাকায় কেউ যেন অবৈধভাবে জায়গা দখল করতে না পারে, সেদিকেও নজর দিতে হবে। সরকারি চাঁদনির নির্ধারিত স্থানে ব্যবসায়ীদের জন্য পট্টি স্থাপন করতে হবে।
এ বিষয়ে তিনি নবনির্বাচিত কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে দ্রুত মতবিনিময় সভা করবেন বলেও জানান। এ সময় ইউএনও বাজারের সরকারি চাঁদনির জায়গা অবৈধ দখলমুক্ত রাখা, কসাইখানা, মাছ বাজার, পোলট্রি মুরগি বিক্রির নির্ধারিত স্থান, গরুর হাট ও আশপাশের স্থাপনাগুলো ঘুরে দেখেন। পাশাপাশি বাজারের শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে নির্বাচন পরিচালনা কমিটি এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্র নাথ মন্ডল, নির্বাচন কমিশন কমিটির প্রধান সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার শেখ শরিফুল ইসলাম, মাওলানা শেখ মনিরুল ইসলাম, মো. তবিবুর রহমান খান, নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান মুন্না, প্রচার সম্পাদক লুৎফর রহমান জুয়েল, সদস্য মো. নুরুজ্জামান খান এবং ব্যবসায়ী মো. হাফিজুর রহমান, শেখ আরিজুল ইসলাম, শেখ সিরাজুল ইসলামসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।







