নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ এনামুল হক। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সার্বিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রথমে বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন বিদ্যালয় পরিদর্শক। নথিপত্রের সুষ্ঠু সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সঙ্গে বিভিন্ন শ্রেণিকক্ষ, পরীক্ষা কক্ষ ও বিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন প্রফেসর মোহাম্মদ এনামুল হক। এ সময় শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিদ্যালয় পরিদর্শক। প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান করা বিষয়বস্তু থেকেই পরীক্ষার প্রশ্ন করা হয়েছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারছে। শিক্ষার্থীদের এমন বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বিদ্যালয়ের শৌচাগার ও সার্বিক পরিচ্ছন্নতা ব্যবস্থা পরিদর্শন করেন। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় শিক্ষার্থী ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রশংসা করেন তিনি।
পরিদর্শনকালে আগামী শিক্ষাবর্ষগুলোতেও শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের প্রস্তুত করা প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বিদ্যালয় পরিদর্শক।

প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের নেতৃত্বে শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শকের নজর কাড়ে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশের ধারাবাহিক উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা বোর্ডের এমন আকস্মিক পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জবাবদিহি ও দায়িত্বশীলতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *