নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিবাহ সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ধূলিহর পালপাড়া এলাকায়। আহতরা হলেন- ইব্রাহিম সরদার(৪৫), তার বোন মোছা: সুকজান(৫০) ও মো: আলামিন(২২)। এ বিষয়ে আহত ইব্রাহিম সরদার থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম সরদারের ছেলে-মেয়ের বিয়ে সংক্রান্ত বিষয়ে স্থানীয়দের সাথে তার মতবিরোধ হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ধূলিহর এলাকার গোলাম মোস্তফা, মো: মোকলেছ, মো: আল আমিন, মো: আলিম, হাফিজুল ইসলাম, সাদ্দাম হোসেন সহ অজ্ঞাতনামা ৮/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিমের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে ইব্রাহিম সরদার(৪৫) সহ তার বোন মোছা: সুকজান(৫০) ও তার ছেলে আলামিন(২২) গুরুতর আহত হয়। এক পর্যায়ে হামলাকারীরা ইব্রাহিম সরদারের কাছ থেকে ১০ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
এই বিষয়ে সদর থানার ওসি শামিনুল হক জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তারপর ব্যবস্থা নেবে পুলিশ।







