নিজস্ব প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরা জেলার পশু হাটের ইজারাদার এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অত্র জেলার পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভার শুরুতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
পরবর্তীতে নবাগত পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদুল আজহা ও পশুর হাটকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ ও পশুর হাট সামনে রেখে জাল টাকার প্রবণতা বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে তিনি সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে ব্যাংকসমূহকে পশুর হাটে জাল টাকা শনাক্তকরণে বিশেষ মেশিনের ব্যবস্থা রাখার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে মাস্ক, বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। হাটে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র (কার্ড) প্রদান করার নির্দেশনা দেন। এছাড়াও সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড করা যাবে না বলে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। পশু হাটগুলোতে কোন ধরণের চাঁদাবাজির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এর সাথে কেউ জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না বলে জানান। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহিনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), মোঃ বায়েজীদ ইসলাম, ডিআইও–১, ডিএসবি, সকল থানার অফিসার ইনচার্জগণ সহ পশু হাটের ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাগণ।







