কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণের উদ্বোধন করলেন নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলিথিনের ব্যবহারে নিরুৎসাহিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলায় ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সকাল ১০টায় নাজিমগঞ্জ বাজারের চাঁদনীতে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সহযোগিতায় কর্মসূচির আয়োজন করা হয়। নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।
এসময়ে তিনি বলেন ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের সিসি রোড, জলবদ্ধতা নিরসন, পয়নিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং, সিসি ক্যামেরা স্থাপনসহ বাজারের সকল অবকাঠামো উন্নয়নের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও এনজিও সহযোগিতায় প্রথমত নাজিমগঞ্জ বাজারে ১০ ও উপজেলার অন্যান্য স্থানে মোট ২০ টি পয়েন্টে প্রত্যেকটি স্থানে একটা লাল ও সবুজ রঙের দুইটা ডাস্টবিন স্থাপন করার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, ইডা’র প্রকল্প সমন্বয়ক মুস্তাফিজ কামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, ডিজিএফ সদস্য মোঃ আখতারুজ্জাম, বাজার নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আজগার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম গাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার কমিটির সদস্য মোঃ জহুরুল হুদা, মোঃ সাইদুর রহমান, বাজার পরিচালনা কমিটির, সদস্য সারাফাত হোসেন, মাওলানা মনিরুল ইসলাম, মোঃ তবিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বাজারের ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন ও ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা, পলিথিনের ব্যবহার বর্জন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।আয়োজকরা জানান, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাজার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, পলিথিনের ব্যবহার কমানো এবং নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করলে নাজিমগঞ্জ বাজারসহ পুরো কালিগঞ্জকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।







