নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রতীর উদ্যোগে এবং দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর সহযোগিতায় ৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন ও ছাগল পালনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ছিন্নমূল ও দরিদ্র পরিবারের ৪০০ শিশুর খাদ্য ও পুষ্টি সহায়তার জন্য প্রতিটি পরিবারকে ২ হাজার ৪০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
বুধবার সকালে ব্রতী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে ব্রতীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. সাইফুর রহমান, ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, ডা. সামিয়া রশিদ ও মাহমুদুল হাসান। অনুষ্ঠানে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা অংশ নেন।
ব্রতী সমাজ কল্যাণ সংস্থা নাবিকের সহায়তায় গাবুরা এলাকায় শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় শিশু পুনর্বাসন, গৃহনির্মাণ, খাবার পানির ট্যাংক বিতরণ, পুকুর খনন, আয়বর্ধক উদ্যোগের উপকরণ বিতরণ, শিশু শিক্ষার পাঠশালা এবং ভাসমান স্বাস্থ্যসেবা পরিচালনা করছে। এছাড়া দুর্যোগকালে খাদ্য সহায়তা, কোরবানির মাংস, রমজানে ইফতার এবং শীতবস্ত্রও বিতরণ করা হয়।







