ডেস্ক রিপোর্ট : “মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে এক বিশাল ‘স্বাগত র‌্যালি’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হওয়া এই র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তুফান মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর সভাপতি আল মামুনের নেতৃত্বে র‌্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে র‌্যালিটি পাকাপুলের মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, নিউমার্কেট হয়ে তুফান মোড়ে পৌঁছালে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শহর শিবিরের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি খোরশেদ আলম, আবু তালেব, সেক্রেটারী মেহেদী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে শিবির সভাপতি আল মামুন বলেন, “প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে ছাত্রশিবির আজ বাংলাদেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শত জুলুম ও নির্যাতনের পাহাড় পাড়ি দিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সাথে মোকাবিলা করে আজ ছাত্রশিবির এক অপরাজেয় কাফেলায় পরিণত হয়েছে। আমরা একটি সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।”তিনি সকল ভেদাভেদ ভুলে দেশ গঠনের কাজে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস এস এম ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি ও জাকসু জিএস মাজহারুরুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসু পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও পাঠাগার সম্পাদক নূর মুহাম্মদ প্রমুখ। পরিশেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং ছাত্রসমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এবং র‌্যালি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *