তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, তালার আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত সহায়তা হিসেবে ২০০টি শাড়ি এবং ২৫ জনের মাঝে মোট ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। তিনি উপস্থিত সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা সহকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মোতাহার হোসেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি এবং অসহায় ও দুস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







