আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালার খলিলনগর ইউনিয়নের গোনালী নলতায় সরকারি রাস্তার দুই শতাধিক ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৭মার্চ) সকালে গোনালী নলতা দক্ষিণ পাড়ায় বিআরডিপির আওতায় (২০২০/২০২১) অর্থবছরের রাস্তাটির ইট তুলে নিয়েছে স্থানীয় তুহিন গাজী।

স্থানীয় বাসিন্দারা জানান, তুহিন গাজী ও তার গংরা মিলে আমাদের রাস্তায় ইট তুলে ফেলেছে। আমাদের চলাচলের অত্যন্ত অসুবিধা হবে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে গালিগালাজ সহ স্থানীয় মহিলাদের সাথে অশোভন আচরন ও মারপিট করতে উদ্যত হন অভিযুক্তরা।

ঘটনার সত্যতা জানতে সরেজমিনে গোনালী নলতায় গিয়ে দেখা যায়, উল্লেখিত রাস্তার প্রায় দুই শতাধিক ইট উঠিয়ে ফেলানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তুহিন গাজী বলেন, আমার জমির উপর রাস্তা, তাই ইট তুলে ফেলেছি। পুকুরের পাশ দিয়ে রাস্তা করে দিবো।

স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, রাস্তার ইট তুলেছে, বিষয়টি শুনেছি। সরকারি রাস্তার ইট তোলা অন্যায়। আমি বিষয়টির খোঁজ নিচ্ছি।

উপজেলা বিআরডিপির কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার বলেন, সরকারি রাস্তার ইট তোলা অন্যায়। অভিযুক্তর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *