তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিয়েছে তালা মহিলা কলেজ কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সভাপতি এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।

প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাসের পরিচালক শেখ ইমান আলী, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যাপক নিলুফার বানু ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা ও জিল্লুর রহমান, যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

অনুষ্ঠানের শুরুতে কলেজের মূল ফটক থেকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশ ও ফলাফল দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এ জন্য তিনি কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কলেজের উন্নয়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা পরিষদের তত্ত্বাবধানে তালা মহিলা কলেজের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *