​নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে এক পরিবারের সদস্যদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার টিকেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. রেক্সনা পারভীন বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, টিকেট এলাকার ছলেমান মিস্ত্রীর পরিবারের সঙ্গে তাদের প্রতিবেশী মো. হারুন গাজী, মো. ইব্রাহীম, রাবেয়া খাতুন ও বাচা খাতুনের জমিজমা ও নানা খুচরা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযুক্ত ব্যক্তিরা প্রায়ই ভুক্তভোগী পরিবারকে গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

​অভিযোগে উল্লেখ করা হয়, ১৭ অক্টোবর (শনিবার) বিকেলে ছলেমান মিস্ত্রী (৬০) তার বসতবাড়ির সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা অতর্কিতে তার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। ছলেমান মিস্ত্রীকে রক্ষায় তার স্ত্রী শাহার বানু (৫৫), দুই মেয়ে রেক্সনা পারভীন (২৮) ও শাহানারা খাতুন (৩২) এগিয়ে এলে অভিযুক্তরা তাদের ওপরও চড়াও হয় এবং মারধর করে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

​এ বিষয়ে অভিযোগকারী রেক্সনা পারভীন জানান, মারধরে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

​দেবহাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *