গাজী হাবিব : বিচারিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরায় ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মামলার তদন্ত থেকে শুরু করে আদালতে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন এবং বিচারিক কার্যক্রমে উদ্ভূত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সম্মেলনে ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মামলা তদন্তে আইনগত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ, তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র যথাসময়ে আদালতে উপস্থাপন, আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন এবং বিচারাধীন মামলার কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উঠে আসে, পুলিশ ও বিচার বিভাগের সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় থাকলে বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে জটিলতা কমানো এবং মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। এ কারণে নিয়মিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনের মাধ্যমে মাঠপর্যায়ে উদ্ভূত সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাঈদুর রহমান বিচারপ্রক্রিয়াকে সুষ্ঠু, দ্রুত ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিচারিক কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যথাসময়ে উপস্থাপন এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। তিনি মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে বিচার বিভাগ ও জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিচারিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। পরে বিচার বিভাগ ও পুলিশের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *