ডেস্ক রিপোর্ট : দুর্নীতি, দুঃশাসন, টেন্ডার ও চাঁদাবাজমুক্ত সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা রাষ্ট্রে চালু করার আহবান জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, সুদ ভিত্তিক অর্থনীতির কারণেই আমাদের জাতীয় অর্থনীতি আজ বিপর্যস্ত। এতে পুঁজিপতির পুঁজি বাড়ছে; দরিদ্ররা হয়ে পড়ছেন আরো হতদরিদ্র।

দুর্নীতিও বাড়ছে অপ্রতিরোধ্য গতিতে। তাই দেশের অর্থনৈতিক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশকে দুর্নীতি ও বেকারত্বমুক্ত করতে যাকাত ও কর্জে হাসানাভিত্তিক ইসলামী অর্থনীতি চালুর কোন বিকল্প নেই। আর তা করতে পারলেই দারিদ্র, দুর্নীতি, অনিয়ম ও লুটপাটকে বঙ্গপোসাগরে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত “ রমজান ও যাকাত ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌরজামায়াতের আমীর জাহিদুল ইসলাম। পৌর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য এড.আজিজুল ইসলাম,ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, মাওলানা মুস্তাফিজুর রহমান। ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবি, সামাজিক সংগঠন ও পেশাজীবি ফোরামের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনারে এমপি মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে বেকার, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের রাষ্ট্রের যাকাত তহবিল থেকে কর্জে হাসানা; প্রয়োজনে আর্থিক অনুদান প্রদান করা হবে। যাতে তারা অনৈতিক কাজ থেকে বিরত থাকতে পারেন। আর এভাবে পাঁচ বছর কাজ করা হলে দেশে যাকাত নেওয়ার মত কোন লোক থাকবে না। দেশ পুরোপুরি দারিদ্রমুক্ত হবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতে পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *