নিজস্ব প্রতিনিধি : শরতের কাশবন ছুঁয়ে আসা হাওয়ায় এখন শারদীয় উৎসবের মিষ্টি আমেজ। নীল আকাশে মেঘের অমল-ধবল ভেলা আর কাঁসর-ঢাকের বাদ্যে চারদিকে যেন বয়ে যাচ্ছে এক অলৌকিক আনন্দের স্রোত। শারদীয় দুর্গোৎসবের এই রঙিন আবহে সুরের স্নিগ্ধ ছোঁয়া দিতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল কণ্ঠশিল্পী নিলয়ের নতুন গান ‘পুজো পুজো অনুভব’।
​
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের নাজমুল সরণিস্থ ‘ম্যানগ্রোভ’ সভাঘরে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে গানটির শুভ উন্মোচন ঘটে। সুর ও সংস্কৃতির অনুরাগী সুধীজনের প্রাঞ্জল উপস্থিতিতে সভাঘরটি মুহূর্তেই রূপ নেয় সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায়।

​শারদীয় উৎসবের চিরায়ত আবেগ ও আবহ ফুটে উঠেছে গানটির সুর ও কথামালায়। ভারতের কলকাতার গীতিকার ভি গৌরবের সুবিন্যস্ত গীতিকবিতায় গানটির হৃদয়ানন্দময় সুর ও সংগীতায়োজন করেন বরেন্য সুরকার ও সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু। গানের দৃশ্যধারণে মডেল হিসেবে মুগ্ধতা ছড়িয়েছেন কৃতি নৃত্যশিল্পী অহনা বণিক গল্প ও কণ্ঠশিল্পী নিলয় নিজে। তারিনা তাজরীণের চমৎকার পরিচালনায় এবং অডিও স্টুডিও ওএআর-এ ধারণ করা এই গানটির দৃষ্টিনন্দন ভিডিওচিত্র নির্মাণ করেছে ‘শিকারি ব্র্যান্ড বিডি’।
​
অনুষ্ঠানে বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবুর স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে গানটির মোড়ক উন্মোচন করেন।
​উদ্বোধনী আয়োজনে উপস্থিত থেকে শুভকামনা জানান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-ইলাহী, কবি মোস্তাক আহমেদ শুভ্র, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী, মনজুরুল হক, সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, রাহাত রাজা ও হোসেন আলী। এছাড়াও সংস্কৃতিজন তৌফিক ওমর, বিশ্বভরা প্রাণের সভাপতি মৃত্যুঞ্জয়, সাধারণ সম্পাদক প্রতাপ সিং, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, তুষার মিত্র ও সংগীতশিল্পী সবুজসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​
শরতের হিমেল বাতাস আর কাশফুলের শুভ্রতার সঙ্গে নিলয়ের এই গানটি বাঙালির শারদীয় উৎসবে যোগ করেছে এক অন্যরকম মাত্রা। উৎসবের এই দিনগুলোতে শ্রোতাদের হৃদয়ে ‘পুজো পুজো অনুভব’ গানটি দীর্ঘস্থায়ী সুরের অনুরণন তুলবে বলেই প্রত্যাশা আয়োজক ও সংস্কৃতিপ্রেমীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *