নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা জোরদার করতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা সংঘ’ পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে মেধাবী ও নৈতিকতায় উদ্বুদ্ধ শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
পুনর্গঠিত কমিটিতে ১০ম শ্রেণির শিক্ষার্থী টিকেআর শাওনকে সভাপতি এবং বুশরাত জাহানকে সাধারণ সম্পাদক করে মোট ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া সততা সংঘের কার্যক্রমকে সঠিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানের জন্য পাঁচ সদস্যের একটি পরামর্শক কাউন্সিল পুনর্গঠন করা হয়।
অনুষ্ঠানে কমিটি পুনর্গঠন পরবর্তী আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সততা সংঘের সদস্যদের মাঝে দুর্নীতি বিরোধী বিভিন্ন লিফলেট ও সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।







