নিজস্ব প্রতিনিধি: শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পারিবারিক অর্থায়নে মিড ডে মিল কার্যক্রম চলছে। ২০১৭ সাল থেকে চালু এ কার্যক্রমে প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার পরিবেশন করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) খাবারের তালিকায় ছিল খিচুড়ি ও মুরগির মাংস। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান, সহকারী শিক্ষিকা শামসুন্নাহার, ছাবিরা আক্তার, জামিলা খাতুন, হাফিজা খাতুন এবং দপ্তরী কাম প্রহরী আলামিন ইসলাম।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মিড ডে মিল চালুর আগে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ছিল ৬০ থেকে ৬৫ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৯০ শতাংশের বেশি হয়েছে। একই সঙ্গে কমেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। মিড ডে মিলের অর্থায়নে সহযোগিতা করছেন প্রধান শিক্ষক সানজিনা শাহনাজের বড় ভাই ডা. মেহেদী নেওয়াজ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ ও অর্থোপেডিক সার্জন। বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, খাবারের প্রতি আকর্ষণ বাড়ায় শিশুরা এখন নিয়মিত বিদ্যালয়ে আসছে। পাশাপাশি শ্রেণিকক্ষে তাদের মনোযোগ ও অংশগ্রহণও বেড়েছে।

প্রধান শিক্ষক সানজিনা শাহনাজ বলেন, শিক্ষার্থীদের শুধু খাবার দেওয়া নয়, তাদের নিয়মিত বিদ্যালয়ে আসা, পড়াশোনায় আগ্রহী করা এবং সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতে আরও পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনের পরিকল্পনা রয়েছে। প্রধান শিক্ষকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *