গাজী হাবিব : শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিত এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে ‘সিএসটি প্রতিরোধ, নিরাপদ রেফারেল ও নেতৃত্ব বিকাশে সারভাইভার লিডারদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ রবিবার (২৯ নভেম্বর) শেষ হয়।
“Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, শিবপুর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সারভাইভার লিডার গ্রুপের (এসএলজি) ১০ জন সদস্য অংশগ্রহণ করছেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাইটস যশোর। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে দ্য ফ্রিডম ফান্ড।
জানা গেছে- সারভাইভার লিডাররা নিজেদের জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে শিশু যৌন পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের শনাক্ত করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় সেবা ও সহায়তার সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মূলত, প্রকল্পটির আওতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু যৌন পাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে থানা পর্যায়ে অ্যাডভোকেসি সভা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সভা, কমিউনিটি সচেতনতামূলক সভা এবং এনজিও ও কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) সমন্বয় সভা।







