নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে জাকারিয়া বিষয়টি থামাতে এগিয়ে যান।

এ সময় ওই ব্যক্তি জাকারিয়াকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার প‌রিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *