নিজস্ব প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ আয়োজন চলবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ট্রেনিং অফিসার ডা. বিশ্বপদ বিশ্বাস এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মো. জাহিদুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি, সম্মানিত খামারি, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ, মিডিয়ার সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। সভাপতির অনুমতি নিয়ে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। পরে প্রাণিসম্পদ খাতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে দেশে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের উৎসাহিত করার পাশাপাশি এ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের গবাদিপশু, হাঁস-মুরগি ও প্রাণিসম্পদ খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এতে খামারি ও উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট উপকরণ প্রদর্শন করছেন। দর্শনার্থীরাও বিভিন্ন স্টল ঘুরে প্রাণিসম্পদ খাতের নানা দিক সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মাধ্যমে খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ খাত সম্পর্কে আগ্রহ ও সচেতনতা আরও বাড়বে।







