মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্লাহপুর গ্রামে একটি মুরগির খামারে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা খামারের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে ১০ বস্তা মুরগির ফিড, তিনটি সিলিং ফ্যান ও একটি পানির মোটর নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফয়জুল্লাহপুর গ্রামের অবিনাশ মণ্ডলের ছেলে অ্যাডভোকেট তাপস কুমার মণ্ডলের মুরগির খামারে এ চুরির ঘটনা ঘটে।
খামারের কর্মচারী রাসেল জানান, রাত ১১টার দিকে মুরগিদের খাবার দিয়ে খামারে পাঁচটি তালা লাগিয়ে তিনি বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে খামারে এসে তিনি দেখতে পান, দুটি তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখতে পান, খামারে রাখা ১০ বস্তা ফিড, তিনটি সিলিং ফ্যান ও একটি পানির মোটর নেই।

খামারের মালিক অ্যাডভোকেট তাপস কুমার মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাড়ির পাশে মুরগির খামারে ব্যবসা করে আসছেন। এর আগেও তার খামারে চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়জুল্লাহপুর স্কুল মোড় এলাকায় এর আগেও বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে স্থানীয় আলমগীর ও বেল্লালের দোকানেও চুরি হয়েছিল বলে জানান তারা। এতে এলাকায় চুরি নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, এলাকায় মাদক সেবন ও অনলাইন মোবাইল জুয়ার সঙ্গে জড়িতদের কারণে চুরির প্রবণতা বেড়েছে। ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটছে বলেও তারা জানান। স্থানীয় সচেতন বাসিন্দারা চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *