শহর প্রতিনিধি : সাতক্ষীরায় সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি একাডেমির আয়োজনে রবীন্দ্র-নজরুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় স্বরলিপি একাডেমি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

স্বরলিপি একাডেমির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং কবি শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জায়েদ বিন গফুর।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি, লেখক শেখ সিদ্দিকুর রহমান, বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাবেক ব্যাংকার ও স্বরলিপি একাডেমির সাধারণ সম্পাদক অরবিন্দ স্বর্ণকার, কণ্ঠশিল্পী মঞ্জুরুল হক এবং কবি মনিরুজ্জামান মুন্না।

আলোচনা পর্বে বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদান এবং তাঁদের সাহিত্য-সঙ্গীতের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তির পাশাপাশি ‘আগুনের পরশমণি’সহ রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন করা হয়। শিল্পীদের পরিবেশনায় উৎসবস্থলে সৃষ্টি হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *