বিশেষ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সফলভাবে সম্পন্ন করেছেন সাতক্ষীরার মেয়ে তনয়া মেধা শায়নী। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ৪০ জন প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী অংশ নেন। এতে সাতক্ষীরা থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন শায়নী। কর্মশালাটি পরিচালনা করেন দেশের বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক অন্তরা আক্তার।

রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শাস্ত্রীয় ভরতনাট্যমের মৌলিক বিভিন্ন ধাপ, মুদ্রা ও কারিগরি দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক অন্তরা আক্তার বলেন, চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

কর্মশালা শেষে তনয়া মেধা শায়নী বলেন, “শাস্ত্রীয় নৃত্য নিয়ে অনেক দূর কাজ করার স্বপ্ন আমার।” এ সময় তিনি তাঁর স্থানীয় প্রশিক্ষক ও অনুপ্রেরণার উৎস নাহিদা পান্না ও সুজন কুন্ডুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শায়নীর এ অর্জনে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর সাফল্যের ধারাবাহিকতা কামনা করে সাংস্কৃতিক অঙ্গনে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, সহ-সভাপতি গুলশান আরা, শেখ মুশফিকুর রহমান মিল্টন ও রিক্তা মন্ডল, সাধারণ সম্পাদক নয়ণ ভট্টাচার্য্য, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতাপ কুমার সরদার, তুষার কুমার মিত্র, মিঠুন দেবনাথ ও সুজন কুন্ডু, কোষাধ্যক্ষ আমিনা বিলকিস ময়না, সম্মানিত সদস্য সমরেশ কুমার দাস এবং নির্বাহী কমিটির সদস্য পরিতোষ রায় চৌধুরী, সুকুমার দাস বাচ্চু, আতিকুর রহমান জাকু, সুশংকর রায়, মামনি বিশ্বাস, কেয়া চৌধুরী, রওনক-ই আহমেদ প্রাপ্তি, হাসিবুল হাসান রোহান ও মিতু মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *