বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখ (০৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ) তারিখ, বুধবার বিকাল ০৫.৩০ টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের জরুরি সভা এসোসিয়েশনের প্রধান কার্যালয়, ৬৩ নিউ ইস্কাটন ঢাকায় শুরু হয়ে রাত ০৮ টায় শেষ হয়। উক্ত সভায় এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ব্যাচের বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
কমিটির সভাপতি ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ এসোসিয়েশনের কিছু সংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তাগণ অবসরে (পিআরএল) গমণ করায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক উক্ত পদসমূহ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সালের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী (এডহক) কমিটির সভাপতি হিসেবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম কে নির্বাচিত করা হয়। এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে ড. খ.ম কবিরুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মির্জা তারিক হিকমত, অতিরিক্ত সচিব (ডেপুটি রেজিস্ট্রার জেনারেল), জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয়, খন্দকার মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, মোঃ বাবুল মিয়া, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচিত হয়েছেন। মহাসচিব পদে শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার, ঢাকা এবং কোষাধ্যক্ষ পদে মিজ কানিজ মওলা, অতিরিক্ত সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের মধ্যে ইকবাল আব্দুল্লাহ হারুন, সদস্য (সচিব), পরিকল্পনা কমিশন, মোঃ সাইফুল্লাহ পান্না, সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়, ড. মোঃ ওমর ফারুক, রেক্টর (সচিব), বিসিএস প্রশাসন একাডেমি (পদাধিকার বলে), মোঃ আবদুল মালেক, মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন (পদাধিকার বলে), কে, এম, আলী নেওয়াজ, অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ড. মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, মোঃ মনিরুজ্জামান মিঞা, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ অন্যতম।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় একটি জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন বিনির্মাণে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। সংযুক্তি: ২০২৫-২০২৬ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তালিকা- ০৩ (তিন) পাতা। প্রেস বিজ্ঞপ্তি







