ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আর্থিকভাবে অস্বচ্ছল সহায়-সম্বলহীন একজন মানুষও যেন আইনি অধিকার থেকে বঞ্চিত না হয় সে লক্ষ নিয়ে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে মানুষ আইন নিজের হাতে তুলে নেয়। একটি সমাজে বিপ্লব কেন হয় তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরও বলেন, মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয় এবং আইনের শাসন যখন না থাকে তখন সেই সমাজে বা সেই দেশে বিপ্লব শুরু হয়। রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের মামলার ব্যয় বহন করা হয় উল্লেখ করে তিনি বলেন, গ্রাম-গঞ্জের মানুষকে লিগ্যাল এইড সম্পর্কে সচতন করতে হবে।
তিনি রোববার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয় করণ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দীন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম, শাহ আলম।
এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, প্যানেল আইনজীবী ও সাংবাদিক খায়রুল বদিউজ্জামান, এড. মুহা. মুনির উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলাসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় লিগ্যাল এইড কার্যক্রমকে বেগবান করতে আগামী ১৫ মার্চের মধ্যে জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সরকারি আইনগত সহায়তা বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইউনিয়ন কমিটি সক্রিয়করণ বিষয়ক আলোচনা মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন ও মতবিনিময় সভাটি পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী।







