দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় শারীরিক ও বাক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। জনতার হাতে আটক ইব্রাহিম গাজী (২১) গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজী ও ফাতেমা বেগমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার শারীরিক ও বাক প্রতিবন্ধী ১২ বছর বয়সী শিশুর পিতা কয়েক বছর আগে মারা গেছেন। তার মায়ের অন্যত্র বিবাহ হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে বাক প্রতিবন্ধী ওই শিশু তার নানা বাড়ী গোপীনাথপুরে থাকে। আটক ইব্রাহিম গাজীর বাড়ী ও বাক প্রতিবন্ধী ওই শিশুর নানার বাড়ি পাশাপাশি।
বুধবার সকাল ১০টার দিকে ধর্ষকের বাড়িতে কেউ না থাকায় বাক প্রতিবন্ধী শিশুকে কৌশলে তার বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষক ইব্রাহিম গাজী বসত ঘরের পশ্চিম পার্শ্বে বারান্দার কক্ষের মধ্যে বাক প্রতিবন্ধী শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানিসহ আশেপাশের লোকজন জানতে পেরে ধর্ষক ইব্রাহিম গাজীকে আটক করে বিষয়টি পুলিশকে অবহিত করলে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেফতার করে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো জানান ভিক্টিমকে কোর্টের মাধ্যমে মেডিকেলে প্রেরণ করা হয়েছে।







