দীপক শেঠ, নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার খালিসখালি গ্রামের এক অসহায়- গরিব দিনমজুরের ব্যাটারি চালিত ভ্যানটি চুরি হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ ভ্যানচালক রাজ্জাক মোড়ল( ৭৫) তালা উপজেলার খলিসখালি ইউনিয়নের কাদিকাটি গ্রামের দিনমজুর এক অসহায় বৃদ্ধ। তিনি এলাকায় পাগল ভ্যান চালক নামেই সু-পরিচিত।
জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন গুড়িগুড়ি বৃষ্টিতে বৃদ্ধ বয়সে রাজ্জাক মোড়ল পরিবারের ৮ সদস্যকে নিয়ে জীবনে বেঁচে থাকার তাগিদে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ওই দিন অক্লান্ত পরিশ্রমের পর সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এসে তিনি প্রতি দিনের ন্যায় ভ্যানটি যথাস্থানে রেখে দেন। এক পর্যায়ে রাতে খাওয়া- দাওয়া শেষ করে ক্লান্তিতে বৃদ্ধ ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে।
শুক্রবার (৩০ মে) ভোরে ঘুম থেকে উঠে দেখে জীবিকা নির্বাহের একমাত্র সহায়- সম্বল ব্যাটারি চালিত ভ্যানটি চুরি হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, শুক্রবার আনুমানিক রাত ২ টা থেকে ৩ টার দিকে কে বা কারা ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। সংসার চালাতে একমাত্র উপার্জনক্ষম ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় ভ্যান চালক রাজ্জাক মোড়ল ( পাগল) দিশেহারা হয়ে সত্যিই আজ তিনি পাগল হওয়ার উপক্রম হয়েছেন ! চুরি যাওয়া ভ্যানটির আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা বলে জানা যায়। তিনি চুরি যাওয়া ভ্যানটি যাতে দ্রুত ফিরে পেতে পারেন সে জন্য পুলিশ প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন।
এ ব্যাপারে পাটকেল থানার আওতাধীন খলিসখালি পুলিশ ফাঁড়িতে জিডি করার প্রস্তুতি চলছে বলে জানা যায়। ইতোমধ্যে তালা উপজেলার ভিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল – ইন্জিন চালিত ভ্যান গাড়ি চুরির ঘটনা ও অজ্ঞান পার্টির কবলে পড়ে অনেকে সর্বশান্ত হয়েছে বলে এলাকাবাসি জানায়। সচেতনমহল থানা প্রশাসনের সু- দৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *