নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোমরপুর হাজিখালি বিলের খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে গ্রামবাসীরা চরম ভাঙন আতঙ্কে ভুগছেন। স্থানীয়রা জানান, খাল থেকে মেশিনের মাধ্যমে বালু কেটে নেয়ার ফলে ফসলি জমি ও জনপদ হুমকির মুখে পড়েছে।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হাজিখালি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে খালটির ভাঙন বেড়ে যাচ্ছে। এতে শস্যক্ষেত্র এবং রাস্তাঘাট ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে।
গ্রামবাসীরা জানান, বালু তোলার কারণে ইতোমধ্যেই চরাঞ্চলের বহু জমি নদীগর্ভে বিলীন হয়েছে। শিগগিরই ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদী ভাঙনের কবলে পড়তে পারে।
অভিযোগকারীরা বলেন, প্রভাবশালী একটি মহল অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। প্রশাসন জরুরি ভিত্তিতে এ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা না নিলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবেন তারা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী গ্রামবাসী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করায় অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে অভিযোগকারীদের হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় মেম্বরের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের সর্বনাশ করছে। কৃষি জমির ক্ষতি করছে। এ বিষয়ে এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।







