শেখ সিদ্দিকুর রহমান : সাতক্ষীরা পৌরসভার প্রধান সড়ক শহীদ নাজমুল সরণী, নারকেলতলা মোড় থেকে কেষ্ট ময়রার মোড় পর্যন্ত অংশটিতে এখন যেন গর্ত আর খানা-খন্দের রাজত্ব। রাস্তাটির প্রায় প্রতিটি জায়গায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে, বৃষ্টির পানি জমে কাদা হয়ে গেছে-ফলে এ পথে যানবাহন ও পথচারীদের চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।

পৌর এলাকার অন্যতম ব্যস্ত এই সড়কটি এমনিতেই সরু, তার ওপর ফুটপাতেরও কোনো ব্যবস্থা নেই। ফলে পথচারীদের চলতে ও রাস্তা পার হতে হয় প্রচণ্ড বিড়ম্বনায়। এ রাস্তায় নিয়মিত চলাচল করছে ৩০ থেকে ৪০ টন ওজনের রড ও সিমেন্টের ভারী ট্রাক, অথচ রাস্তাটির ধারণক্ষমতা সর্বোচ্চ পাঁচ টন।

স্থানীয়রা জানান, পৌরসভার অভ্যন্তরে যানবাহন চলাচলের ধারণক্ষমতা মাত্র তিন হাজার, সেখানে এখন চলছে ১৫ হাজারেরও বেশি বিভিন্ন ধরনের যানবাহন। অতিরিক্ত চাপের কারণে রাস্তায় সর্বক্ষণ যানজট লেগেই থাকে, ফলে শহরের মূল সড়কগুলো কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার বাসিন্দারা বলেন, “আমরা নিয়মিত ট্যাক্স দেই, অথচ ন্যূনতম নাগরিক সুবিধা পাই না।

রাস্তার অবস্থা এমন যে হেঁটে চলাও কষ্টকর, রিকশা বা মোটরসাইকেল চললে যাত্রীরা কাদা ও পানিতে ভিজে যায়।”

অন্যদিকে, ফুড অফিস মোড়ের পুলিন ব্যানার্জীর বাগান বাড়ির পূর্ব পাশে তিন রাস্তার মোড় থেকে উত্তর দিকে প্রায় পাঁচশত মিটার দীর্ঘ ড্রেনটির অবস্থাও ভয়াবহ। প্রায় দশ ফুট প্রস্থের এ ড্রেনে আশেপাশের বাড়িঘরের বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। ফলে ড্রেন থেকে উঠছে অসহ্য দুর্গন্ধ, যার কারণে ওই এলাকায় চলাচল করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “অল্প বৃষ্টিতেই এ ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দোকানপাটে পানি ঢোকে, ব্যবসা বন্ধ রাখতে হয়। এত অভিযোগ দিয়েও কোনো কাজ হয় না।” নাগরিকদের দাবি, পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন যেন দ্রুত রাস্তাটি সংস্কার ও ড্রেন পরিষ্কার করে নাজমুল সরণীকে চলাচলযোগ্য অবস্থায় ফিরিয়ে আনে। পৌরবাসীর আশা, জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন জরুরি ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *