জি এম আমিনুল হক:  দৈনিক পত্রদূত-এ লিফট বিভ্রাট নিয়ে সংবাদ প্রকাশের পর কার্যকর ব্যবস্থা নেওয়ায় দাবীতে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০ তলা ভবনের লিফট দ্রুত মেরামতের জন্য মানববন্ধন করেছেন আইনজীবী ও আইন কর্মকর্তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার। বক্তব্যে তিনি বলেন, “নিচের তলা থেকে ৮ম তলা পর্যন্ত প্রতিদিন হাজারো বিচারপ্রার্থী ও আইনজীবী দৌড়াতে দৌড়াতে মানবিকভাবে নিপীড়নের শিকার হচ্ছেন।

বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ, রোগী, গর্ভবতী মা-এদের কষ্ট ভাষায় প্রকাশের নয়। আদালত জনগণের ন্যায়বিচার প্রাপ্তির শেষ আশ্রয়স্থল। অথচ এখানেই নাগরিকদের ভোগান্তির চিত্র সবচেয়ে বেশি-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই-দ্রুত লিফট সংস্কার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, আদালতের কার্যক্রম বাধাহীন রাখতে লিফট সচল রাখা বিলাসিতা নয়, এটি জরুরি প্রয়োজন ও আইনি সেবার মৌলিক বিষয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, সরদার সাইফ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক শহিদ হাসান, আইনজীবী আব্দুল আজিজ, তরুণ আইনজীবী মো. সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

সভায় বক্তারা জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২য় থেকে ৫ম তলায়, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ৬ষ্ঠ তলায় এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৮ম তলায় অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজারো মানুষকে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে। ফলে বিচারপ্রার্থী, নারী, শিশু, বৃদ্ধ ও রোগীদের শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে আইনজীবীরা বিভিন্ন আদালতে হাজিরা সাজাতে বারবার তলায় তলায় ছুটোছুটি করতে গিয়ে মারাত্মক চাপ, শ্বাসকষ্ট ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। উল্লেখ্য, ভবনের দুইটি লিফটের একটি গত ৬ মাস ধরে নষ্ট থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর অন্য লিফটটি গত ৩ দিন আগে সম্পূর্ণ অচল হয়ে পড়ায় ১০ তলা ভবনটি এখন সম্পূর্ণ লিফটবিহীন অবস্থায় রয়েছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,” দ্রুত সংস্কার বা নতুন লিফট স্থাপনের বিষয়টি নিয়ে প্রশাসনের উদাসীনতা আদালত ব্যবস্থাকে অকার্যকর করে তুলছে। এই অবহেলা বিচারপ্রার্থী ও আইনজীবীদের প্রতি অমানবিক আচরণের শামিল।” মানববন্ধন থেকে দ্রুত লিফট মেরামত, টেকনিক্যাল তদারকি কমিটি গঠন এবং ভবিষ্যতে বিকল্প লিফট ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *