ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আশরাফুজ্জামান আশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হেলিকপ্টারযোগে সাতক্ষীরা থেকে ঢাকায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
আশরাফুজ্জামান আশু সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং আসন্ন সংসদ নির্বাচনে এই আসন থেকে পুনরায় লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণাও দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন জানান, সোমবার রাতে নিজ বাসভবনে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে দ্রুত সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ জানান, আশরাফুজ্জামান আশু দীর্ঘদিন ধরে নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর আগে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বর্তমানে তিনি জন্ডিস ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন এবং তাঁর রক্তচাপও ওঠানামা করছে। শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে রেফার করার অনুরোধ জানানো হয়েছিল।
এদিকে এই নেতার দ্রুত সুস্থতা কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন তালা ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন জেলা জাপা নেতা সাংবাদিক এসএম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা জাপার সভাপতি এম মুনছুর আলী এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহেল আলীম বাবুসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। নেতৃবৃন্দ তাঁর রোগমুক্তির জন্য জেলাবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।







