মেহেদী হাসান শিমুল : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দুইজন বিচারককে বদলি করে সুপ্রিম কোর্ট সচিবালয়ে পদায়ন করা হয়েছে। তারা হলেন- জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) (জেলা ও দায়রা জজ) রুহুল আমীন।
সোমবার (২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষরিত আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালকের (জেলা ও দায়রা জজ) পদ থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। রুহুল আমীনকে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিবের (প্রশাসন-১) (জেলা ও দায়রা জজ) পদ থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, উল্লিখিত কর্মকর্তাদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। একই সঙ্গে, প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত তারিখে তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শেখ আশফাকুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বিচার) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি সাতক্ষীরা জজ কোর্টের খ্যাতিমান আইনজীবী প্রয়াত দেলদার রহমানের পুত্র। সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার জন্য তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন বিচারক হিসেবে পরিচিতি লাভ করেছেন।








