আজমল হোসেন জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইসমিল মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়লের ব্যাক্তিগত অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (১মার্চ) দিবাগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের লাগানো আগুনে পুড়ে ভূস্মিভূত হয়েছে অফিসে থাকা আসবাবপত্রসহ দলীয় নেতাদের কয়েকটি ছবি। স্থানীয়রা রাতেই তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে রাইসমিল মোড়ে অবস্থিত ইউনিয়ন বিএনপি অফিসে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পান তারা। তখন আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় তারাবির নামাযের আগে অফিস বন্ধ করে চলে গিয়েছিলাম । রাত ১টার দিকে বাজারের নাইট গার্ড আমার বাড়িতে গিয়ে খবর দেয় আমার অফিসের ভিতরে আগুন জ্বলছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে অফিসে আগুন জ্বলতে দেখে ৯৯৯ এ ফোন করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আমার অফিসের আগুন নিয়ন্ত্রন করে। যে দুর্বৃত্তরা রাতের আঁধারে অফিসে আগুন লাগিয়েছে তাদের চিহ্নিতপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, আগুনে দোকানের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *