স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী আক্তারুজ্জামান খান চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিক ও মানসিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সূত্র জানায়, এক বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন আক্তারুজ্জামান খান চৌধুরী। দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সময়ে অতিরিক্ত দায়িত্বও পালন করেছেন। তবে সম্প্রতি কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে তার পাশাপাশি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে নানা ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব প্রচারণার সঙ্গে জড়িত অধিকাংশ মাধ্যমই পরিচয়হীন বা গোপন ফেসবুক পেজ বলে সূত্রের দাবি।

সূত্র আরও জানায়, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে নিজের ওপর অর্পিত কাজ যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করেছেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, সম্প্রতি তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে, যা তার সামাজিক মর্যাদা ও মানসিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে প্রকৃত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন আক্তারুজ্জামান।

এ বিষয়ে হাসপাতালের প্রধান সহকারী আক্তারুজ্জামান খান চৌধুরী বলেন, “এক বছরেরও বেশি সময় ধরে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করছি। এ সময়ে বিভিন্ন অতিরিক্ত দায়িত্বও পালন করেছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। সম্প্রতি বিভিন্ন অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজে আমার বিরুদ্ধে যেসব প্রচারণা চালানো হচ্ছে, তা দেখে আমি বিস্মিত ও হতবাক। আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ।

আমি গণমাধ্যমকর্মীদের সম্মান করি এবং প্রকৃত গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি। আমার বিরুদ্ধে গোপনে সাইবার অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমার বদলি হয়েছে কিংবা বদলি স্থগিত হয়েছে এমন তথ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই।”

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, প্রধান সহকারী আক্তারুজ্জামান খান চৌধুরী তার দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। তার বিরুদ্ধে কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে পারেন। তবে নির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অনিবন্ধিত পোর্টালে প্রচারণা চালানো অনাকাঙ্ক্ষিত। এ ধরনের প্রচারণা কর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, নিজের বিরুদ্ধে চলমান অপপ্রচারের নিন্দা জানিয়ে আক্তারুজ্জামান খান চৌধুরী প্রকৃত গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *