মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে আজ ৮ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নরেশ মল্লিক।
নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সবুর জানান, উক্ত পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নরেশ মল্লিককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, নরেশ মল্লিক পূর্বেও সমিতির নির্বাচিত সদস্য এবং একবার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হলেন।
নবনির্বাচিত কোষাধ্যক্ষ নরেশ মল্লিক সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে দায়িত্ব দেওয়ায় সকল সদস্যদের ধন্যবাদ জানাই। সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি।” আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ১২টি পদে প্রার্থীদের মধ্যে ২২ জনের প্রতিদ্বন্দ্বিতা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।







