গাজী হাবিব : সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেছেন- বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক জ্ঞান ও উদ্ভাবনী চিন্তায় এগিয়ে আসতে হবে।

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, ঢাকার সহযোগিতায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় জেলা প্রশাসক আরও বলেন, নতুন প্রজন্মকে গবেষণামুখী করতে হলে এমন বিজ্ঞান মেলার বিকল্প নেই। এখান থেকেই ভবিষ্যতের বিজ্ঞানী, উদ্ভাবক ও প্রযুক্তিবিদ তৈরি হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল বলেন, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে বিজ্ঞান চর্চা করতে হবে। প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহার করার মধ্য দিয়েই একটি উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, গ্রামগঞ্জের শিক্ষার্থীদের মধ্যেও অসাধারণ মেধা রয়েছে। সকলকে সমান সুযোগ দিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে এগিয়ে নিতে হবে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তারাও জাতীয় পর্যায়ে সাফল্য দেখাতে সক্ষম।

এসময় তিনি সাতক্ষীরা সরকারী কলেজ ও সরকারী মহিলা কলেজের দুই অধ্যক্ষকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা একটু তদারকি করবেন যেন প্রতিষ্ঠানের ছুটি শেষে আপনার কোন শিক্ষার্থী মাদকের আসরে যেন না বসে। কেননা, আমরা জানতে পেরেছি এই দুই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ইউনিফর্ম পরেই মাদক গ্রহণ করে। এটা খুবই দুঃখজনক।

অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে অপরাধমুক্ত ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তাদের ইতিবাচক পথে এগিয়ে নেয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে দেবহাটার বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুমতাহিনা বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন কিছু করার অনুপ্রেরণা জোগায়।

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আশিক বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও ব্যবহারিক অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রেকর্ড রুম, শিক্ষা ও আইসিটি) আফরিন সিদ্দীকা। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক মডেল ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী উপস্থাপন করে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালার সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, কলারোয়ার বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনির সরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটার হাজী কিয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ ও বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরিবেশবান্ধব প্রযুক্তি, ভুমিকম্প বিষয়ক সতর্ককারী প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবন তুলে ধরে। স্টলের সংখ্যা বেশি না হলেও দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও মোটামুটি উৎসবমুখর।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *