কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা, ভূমিহীন পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, বসতঘরে হামলা ও মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও ফসল রক্ষার দাবিতে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীন পরিবারগুলো।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মে ২০২৬) গভীর রাতে শাহনুর মোল্যার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি বিশেষ লাঠিয়াল বাহিনী সংঘবদ্ধভাবে সরকারি খাস জমিতে অবস্থানরত ভূমিহীনদের ঘেরে হামলা চালায়। এ সময়ে তারা ঘের সংলগ্ন বসতঘর ও স্থাপনা ভাঙচুর করে এবং জাল টেনে ঘের ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

থানায় জানানোর পাঁচঘন্টা পরে পুলিশের উপস্থিতি নিয়ে জনমনে ক্ষোভের সৃস্টি হয়েছে। জানা যায়, সোতা মৌজার খাস খতিয়ানের ৭ দশমিক ৬৬ একর জমি ২০০৫ সাল থেকে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ আটটি ভূমিহীন পরিবার। দীর্ঘ ২১ বছর ধরে তারা ওই জমিতে মাছ চাষ ও কৃষিকাজের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন।

ভূমিহীনদের অভিযোগ, তাদের উচ্ছেদের উদ্দেশ্যে শাহনুর মোল্যা ও তার সহযোগীরা পূর্বে আদালতে একটি দেওয়ানি মামলা (নং-১০৫/২৫) দায়ের করেন। ওই মামলায় ২০২৫ সালের ২৩ জুলাই আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। পরে উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে ২০২৬ সালের ১২ এপ্রিল বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।

ভুক্তভোগীদের দাবি, আদালতের নিষেধাজ্ঞা বাতিল হওয়ার পরও অভিযুক্তরা উক্ত সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন সময়ে ঘেরের মাছ ও জমির ফসল লুটের চেষ্টা করছে এবং ভূমিহীন পরিবারগুলোর সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মোড়ল, গোলাম বারী মোড়ল, আশরাফ গাজী ও কবির হোসেন বলেন, “আমরা সরকারকে নিয়মিত রাজস্ব দিয়ে আইন অনুযায়ী জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছি। আদালতও আমাদের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। তারপরেও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মন্টু, নব্য জামায়াতের তালিকাভুক্ত ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী শানু মোল্লাসহ একটি প্রভাবশালী মহল লাঠিয়াল বাহিনী নিয়ে হামলা চালিয়ে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা এখন পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”

ঘটনারদিনে আ’লীগ নেতা ও জামায়াত নেতা শানু মোল্লার হয়ে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ভুমিহীনদের দখলীয় সম্পত্তি দখলের চেষ্টা ও মাছ লুটে অংশগ্রহণ করে। কালিগঞ্জ থানায় এ ঘটনার সময়ে অভিযোগ করলেও জালটেনে মাছলুটের পাঁচঘন্টা পরে থানার উপ সহকারী পরিদর্শক আতিকুর রহমান ও সংগীয় ফোর্স ঘটনাস্থলে পৌছায়। অথচ ইউনুস মোড়লের দায়ের করা পি মামলা নং-৬৩৮/২৬ (কালিঃ), ১৪৫ ধারা জারি করা হয়েছে গত ১৭/০৫/২৬ তারিখে। আদালতের আদেশ উপেক্ষা করে হীন কর্মকান্ড ঘটানো হয়েছে।

এদিকে ভূমিহীন পরিবারগুলো তাদের ঘেরের মাছ, ধান ও অন্যান্য ফসল রক্ষাসহ সরকারি খাস জমি দখলমুক্ত রাখতে পুলিশ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করেণ, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *